ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে সিদ্ধান্ত স্পিকারকেই নিতে হবে বলে মনে করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
আইনমন্ত্রীর মত আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের মতের বিপরীত।
তিন দিন আগে সুরঞ্জিত বলেছিলেন, সাকা চৌধুরীর বিষয়ে নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে।
আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিষয়ে 'অসত্য' তথ্য দেওয়ার অভিযোগে সাকা চৌধুরীর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনটি শূন্য ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বুধবার নির্বাচন কমিশন স্পিকারের কাছে চিঠি দেয়।
স্পিকার আবদুল হামিদ শনিবার সাংবাদিকদের জানান, তিনি এখনও চিঠি পড়েননি। পড়ে মতামত দেবেন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনলাইন নিউজপেপার উদ্বোধন শেষে সাকা চৌধুরীর বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে স্পিকারই সিদ্ধান্ত নেবেন। সংসদ সদস্যরা স্পিকারের কাছে শপথ পাঠ করেছেন, তিনি (সংসদ সদস্য) কোনও মিথ্যা বলবেন না। এক্ষেত্রে সংসদ সদস্য (সাকা চৌধুরী) যদি মিথ্যা বলে থাকেন; তাহলে আমি মনে করি, স্পিকার তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।"
সুরঞ্জিত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "সংবিধান অনুযায়ী স্পিকার কাউকে সাংসদ করতে পারেন না, কারও সদস্য পদ বাতিলও করতে পারেন না। একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ইসি গেজেট করলে স্পিকার শপথ করিয়ে তাকে সংসদে বসান।
"আমার বিশ্বাস স্পিকার সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেবেন। কারও সদস্য পদ খারিজ করতে হলে নির্বাচন কমিশনকে করতে হবে।"
স্পিকারের কাছে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তথ্য গোপন করেছেন সালাহউদ্দিন কাদের। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ-এর ১২ এর ৩(খ) ধারা লঙ্ঘন করেছেন এবং তা সংশোধনের সুযোগ দেওয়ার পর অঙ্গীকার করে তার 'বরখেলাপ' করেছেন এই সাংসদ। এ কারণে সাংসদ থাকার যোগ্য নন সাকা চৌধুরী।
তবে সাকা চৌধুরীর দাবি, তিনি সদস্যপদ খারিজ হওয়ার মতো কোনও বিধি ভঙ্গ করেননি। তার সদস্যপদ খারিজের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইসির নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/এমআই/১৭১২ ঘ.
bdnews24