ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৪৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ সব মামলাই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা।
এর মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলা রয়েছে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মামলা রয়েছে দুটি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদেরের পাঁচটি।
'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটি' রোববার ৪৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
এর আগে গত ১০ জুন কমিটির প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১২টিসহ ৬২টি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।
রোববার কমিটির দ্বিতীয় বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১৮টি, দণ্ডবিধির ২৮টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
কামরুল ইসলাম বলেন, "আজকের বৈঠকে ৫৮টি মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল দুদকের ২৩টি এবং দন্ডবিধির ৩৫টি। আলোচনা শেষে মোট ৪৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।"
কামরুল ইসলাম জানান, বাকি ১২টির মধ্যে ৮টি মামলা প্রত্যাহার যোগ্য নয় বলে এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। অপর চারটি মামলার বিষয়ে আগামী সভায় আলোচনা হবে।
দুদকের প্রত্যাহার করা মামলার মধ্যে রয়েছে সৈয়দা সাজেদা চৌধুরীর ২টি মামলা, শেখ ফজলুল করিম সেলিমের ১টি, মতিয়া চৌধুরীর ১টি, ওবায়দুল কাদেরের ৪টি, মহীউদ্দীন খান আলমগীরের ২টি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ২টি, অধ্যাপক আবু সাইয়িদের ১টি, জাহাঙ্গীর কবির নানকের ১টি এবং মির্জা আজমের ১টি মামলা।
দণ্ডবিধির মামলাগুলো হচ্ছে, জাহাঙ্গীর কবির নানকের ৯টি, যুব মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার তুহিনের ৮টি, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ১টি, ওবায়দুল কাদেরের ১টি, মোহাম্মদ নাসিমের একটি মামলার আংশিক, ডেপুটি স্পিকার শওকত আলীর ২টি, সাঈদ খোকনের ২টি, মতিয়া চৌধুরীর ১টি, কাজী জাফরউল্লাহর ২টি এবং ছাত্রলীগ নেতা রিপনের ১টি।
কামরুল ইসলাম বলেন, "১/১১ এর পর এসব মামলা করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করেছে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিএনপির কোনও নেতার মামলা প্রত্যাহার না করার বিষয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, "প্রত্যাহার সংক্রান্ত জেলা কমিটির কাছ থেকে বিএনপির কোনও নেতার মামলা প্রত্যাহারের সুপারিশ পাওয়া যায়নি। সুপারিশ এলে বিবেচনা করা হবে।"
তবে স্বপ্রণোদিত হয়ে বিএনপির কোনও নেতার মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে না বলে তিনি জানান।
প্র্রতিমন্ত্রী বলেন, "ক্ষমতায় থাকাকালীন বিএনপি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
"দুদককে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা দেওয়ার প্যারালাল হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে।"
দুদকের মামলায় বিএনপির কোনও নেতাকর্মী হয়রানির স্বীকার হলে, তা বিবেচনা করা হবে বলে কামরুল জানান।
তিনি আরও জানান, মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ পর্যন্ত ৮২৪টি আবেদন জমা পড়েছে।
গত ২২ ফেব্র"য়ারি সরকার বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়কার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন করে। এজন্য আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সাত সদস্যের মন্ত্রণালয় পর্যায়ের একটি কমিটি ও জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদনপত্র জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাখিলের সময়সীমা ছিল ৩১ মে পর্যন্ত। বুধবার তা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24