২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়লা দুর্গত এলাকায় ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ: খাদ্যমন্ত্রী

ঘুর্ণিঝড় 'আয়লা' দুর্গত এলাকায় ঋণ ও সুদ আদায় না করতে ক্ষুদ্র ঋণদাতা বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় 'আয়লা' দুর্গত এলাকায় ঋণ ও সুদ আদায় না করতে ক্ষুদ্র ঋণদাতা বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। গত ২৫ মে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আয়লায় আঘাতে প্রায় দেড় শতাধিক ব্যক্তি নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাজ্জাক রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সরকার আয়লা দুর্গত এলাকায় ঋণ আদায় না করার জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। এনজিওগুলোকেও ঋণ ও সুদ আদায় না করার জন্য বলা হয়েছে। কিন্তু তারপরও কোনও কোনও এনজিও ঋণ ও সুদ আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।" পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত এসব এলাকায় ঋণ আদায় না করার জন্য এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "এরপরও যদি ঋণ ও সুদ আদায় করা হয়, তবে সরকার শক্ত অবস্থান নেবে।" আব্দুর রাজ্জাক বলেন, "দুর্গত এলাকায় কৃষি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকার মানুষের জীবন স্বাভাবিক হতে এক বছর সময় লাগবে। এজন্য ব্যাংকগুলোকে আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণ আদায় না করার নির্দেশ দেওয়া হয়েছে।" মন্ত্রী জানান, দুর্গত এলাকায় আগামী ৪/৫ মাস ভিজিএফ ও ভিজিডি কর্মসূচি জোরদার থাকবে। দুর্গতদের পুনর্বাসনেও সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ২০০৯-১০ সালের প্রস্তাবিত বাজেট সম্পর্কে রাজ্জাক বলেন, "প্রস্তাবিত বাজেটে দেশের অতি দরিদ্র মানুষকে খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে এক হাজার ১৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অক্টোবর থেকে মঙ্গা পীড়িত এলাকা খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওয়ায় আনার জন্য কাজ শুরু হবে এবং পর্যায়ক্রমে পুরো দেশেই এ কার্যক্রম শুরু হবে।" দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার বিদ্যুৎ সাশ্রয় করবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এটা দেশের জন্য ভালো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৩২৫ ঘ.