ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সভাপতির পদ ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তবে ২৫ জুলাইয়ের জাতীয় কাউন্সিলই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
শনিবার সন্ধ্যায় দলের বর্ধিত সভায় ড. কামাল এরকম আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
সুব্রত চৌধুরী বলেন,'' বর্ধিত সভায় ড. কামাল হোসেন সভাপতি পদ ছেড়ে দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, 'আমার বয়স হয়ে গেছে। একাধারে ১৫ বছর সভাপতি পদে রয়েছি। আর এ পদে থাকতে চাই না। তবে এ বিষয়ে আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা বলেছি, আগামী ২৫ জুলাই দলের জাতীয় কাউন্সিলে কাউন্সিলাররা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।''
শনিবার বিকালে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় ড. কামাল হোসেন সভাপতি পদ ছেড়ে দেওয়ার কথা তোলেন।
গণফোরামের প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন এ প্রবীণ আইনজ্ঞ।
শনিবার বর্ধিত সভার পর এক সংবাদ ব্রিফিংয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য জানান, আগামী ২৫ জুলাই দলের জাতীয় কাউন্সিল করার বিষয় ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '' ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।''
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী জানান, দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি এগিয়ে চলছে। আগামী ৩০ জুনের মধ্যে থানা/উপজেলা সম্মেলন ও ১৫ জুলাইয়ের মধ্যে জেলা ও উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ ব্রিফিংয়ে ড. কামাল হোসেন উপস্থিত ছিলেন না।
বর্ধিত সভায় অন্যদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য কমান্ডার আব্দুর রউফ, সাবেক হুইপ আবদুর রউফ, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৪৪ঘ.
bdnews24