২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপীড়ন-নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না: দেলোয়ার

নিপীড়ন নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার বিকালে রাজধানীর লালবাগে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপীড়ন নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার বিকালে রাজধানীর লালবাগে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। লালবাগের বালুর মাঠে অনুষ্ঠিত ওই সভায় দেলোয়ার বলেন,'' নিপীড়ন-নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না। বিএনপি জনগণের পাশে আছে, থাকবে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে স্বচ্ছ রাজনীতি করুন।'' সাবেক স্থানীয় বিএনপি সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে এ সমাবেশ হয়। দেলোয়ার আবারও পিন্টুর মুক্তির দাবি করে বলেন, পিন্টুকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। সরকার প্রকৃত দোষীদের আড়াল করতেই 'ইচ্ছেমতো' একটি প্রতিবেদন দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। দেলোয়ার বলেন, ''ওই ঘটনার সঙ্গে সত্যিকার যারা জড়িত তাদের গ্রেপ্তার করে শাস্তি দিন। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কাউকে গ্রেপ্তার করে হয়রানি করা হলে জনগণ তা মেনে নেবে না।'' তিনি অভিযোগ করেন, '' পিন্টুকে গ্রেপ্তার করে নানা ধরনের নির্যাতন করা হচ্ছে। তিনি নিজেই আদালতের কাছে জীবন ভিক্ষা চেয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পিন্টুকে গ্রেপ্তার ও নির্যাতন করে যদি কেউ রাজনীতিকভাবে ফায়দা লোটার ইচ্ছা করে থাকেন তাহলে ভুল করবেন।'' স্থানীয় নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক সাংসদ ফজলুল হক মিলন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগরের (দক্ষিণ) সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীব প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২০৬ঘ.