ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের কারণেই প্রধান বিরোধী দল বিএনপি সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে না বলে মনে করেন সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
তিনি শুক্রবার বলেছেন, "আসন বিন্যাস কোনও ইস্যু নয়, বিএনপি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সংসদ অধিবেশন বর্জন করেছে।"
শুক্রবার শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শিশু একাডেমির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সংসদে সামনের সারিতে আরও আসন দেওয়ার দাবিতে বিএনপি সংসদের চলতি বাজেট অধিবেশনে যোগ দেয়নি। এর পাশাপাশি দলীয় প্রধান খালেদা জিয়ার বাড়ি এবং তার নিরাপত্তা নিয়ে 'সমস্যা'র সমাধানও চেয়েছে তারা।
আব্দুস শহীদ বলেন, "তাদের চিপ হুইপের (জয়নাল আবদিন) পরামর্শেই মওদুদ আহমেদকে সামনের সারিতে আসন দেওয়া হয়েছে। পত্র-পত্রিকাতেও পড়েছি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সংসদে যোগ দিচ্ছে না।"
স্পিকারের বাম দিকের ১০ টি আসনের মধ্যে আওয়ামী লীগের কোনও আসন নেই জানিয়ে সরকারদলীয় চিফ হুইপ বলেন, "বিরোধী দলের দাবি অনুযায়ী সামনের সারিতে তাদের আসন সংখ্যা ৬টি। সেখানে আওয়ামী লীগের কোনও সদস্য নেই। বরং আমাদের মন্ত্রীরা চতুর্থ এবং পঞ্চম সারিতে বসছে।"
বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে উপাধ্যক্ষ শহীদ বলেন, "নিজেদের দ্বন্দ্ব ভুলে আপনারা সংসদ অধিবেশে যোগ দিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে জনগণের প্রতি দায়িত্ব পালন করুন।
"এক সময় আমরাও সংসদ বর্জন করেছি, আবার জনগণের স্বার্থেই সংসদে ফিরে এসেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৩৫২ ঘ.
bdnews24