২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই ইসি মইনের, তাদের যেতে হবে: সাকা চৌধুরী

সংসদ সদস্যপদ খারিজে নির্বাচন কমিশনের (ইসি) তৎপরতাকে আবারও চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ইসিকে পাল্টা আক্রমণ করে তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনাররা সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের নিয়োগ করা, তাই তাদের চলে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যপদ খারিজে নির্বাচন কমিশনের (ইসি) তৎপরতাকে আবারও চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ইসিকে পাল্টা আক্রমণ করে তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনাররা সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের নিয়োগ করা, তাই তাদের চলে যেতে হবে। সিঙ্গাপুর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বিবৃতিতে সালাউদ্দিন কাদের বৃহস্পতিবার এ কথা বলেন। সদ্য বিদায়ী সেনাপ্রধানকে 'শয়তান' আখ্যায়িত করেন সাকা চৌধুরী। তিনি দাবি করেন, সংসদ সদস্য পদ খারিজ করার কোনও এখতিয়ার ইসির নেই। তা কেবল স্পিকার করতে পারেন, তবে তা সংবিধানের ৭০ অনুচ্ছেদের লঙ্ঘন হলে। আর তা তিনি লঙ্ঘন করেননি। মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 'মিথ্যা' তথ্য দেওয়ার অভিযোগ এনে সাকা চৌধুরীর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন শূন্য ঘোষণা করার সুপারিশ জানিয়ে ইসি বৃহস্পতিবার স্পিকারের কাছে চিঠি পাঠায়। স্পিকার আবদুল হামিদ জানিয়েছেন, চিঠি পরীক্ষা করে তিনি মতামত দেবেন। সাকা চৌধুরী মনোনয়নপত্রে লিখেছেন, তার শিক্ষাগত যোগ্যতা 'নাই'। ইসি বলছে, তার এ দাবি সত্য নয়। কারণ এর আগের নির্বাচনে তিনি অন্য তথ্য দিয়েছেন। সালাউদ্দিন কাদের বিবৃতিতে বলেন, "সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ নির্বাচনের জন্য একজন প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতা স্পষ্ট করে বলা আছে। ইসি শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র চেয়েছে তা কেবল 'প্রকাশ করার জন্য'। অযোগ্যতা প্রমাণের জন্য নয়।" তিনি দাবি করেন, তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা এবং ইসি শর্তহীনভাবে গ্রহণ করেছিল যা আগামী নির্বাচনের আগ পর্যন্ত বৈধ থাকবে। সাকা চৌধুরী বলেন, "মনোনয়নপত্র বাতিল করার যথাযথ সময় হলো নির্বাচনের আগে। নির্বাচনের ৫ মাস পর তা করা যায় না।" ছয় বার নির্বাচিত এই সাংসদ বলেন, "ইসি ভালোভাবে জানে ভুল তথ্য দিলেও আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও ক্ষমতা তাদের নেই। "ইসি জানে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ লঙ্ঘন করলেই কেবল কারও সংসদ সদস্যপদ বাতিলের সুপারিশ করতে পারেন স্পিকার। তবে আমি তা লঙ্ঘন করিনি।" মইন উ আহমেদের বিচার দাবি করে সালাহউদ্দিন কাদের বলেন, "জেনারেল মইন এবং তার দোসরদের বিচার করা না হলে বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতার স্বপ্ন অধরাই থেকে যাবে। "২০০৭ সালের ১১ জানুয়ারির সেই শয়তান অবশেষে চলে গেছে। কিন্তু তার দোসররা এখনও বিভিন্ন দায়িত্বে রয়ে গেছে।" জেনারেল মইন উ আহমেদ গত সোমবার অবসরে গেছেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর প্রতিষ্ঠিত নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনে সেনাবাহিনী তথা মইন উ আহমেদের জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। ওই সরকারের সময়কালে জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার বক্তব্য ও ভূমিকা নিয়ে বিতর্ক আছে। সাকা চৌধুরী বলেন, "সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য মইন সরকার এর নির্দেশে এই নির্বাচন কমিশনে নিয়োগ হয়। প্রত্যেক নির্বাচন কমিশনারই সংবিধান সমুন্নত রাখার শপথ ভঙ্গ করেছেন। তাই এখনি তাদের চলে যেতে হবে।" চিকিৎসার জন্য তিনি এখন সিঙ্গাপুর আছেন বলে সাকা চৌধুরী জানিয়েছেন। বিএনপির এই নেতা জরুরি অবস্থার সময় গ্রেপ্তারের পর দীর্ঘ দিন কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/এসকে/১৮২২ঘ.