২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী বিএনপির আহ্বায়ক পদ থেকে সাঈদ এস্কান্দারের অপসারণ দাবি

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সাঈদ এস্কান্দারকে অপসারণ করে নতুন একজনকে আহ্বায়ক করার দাবি জানিয়েছে দলের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ফেনী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সাঈদ এস্কান্দারকে অপসারণ করে নতুন একজনকে আহ্বায়ক করার দাবি জানিয়েছে দলের একাংশ। শহরের সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে দলের একাংশের নেতারা এ দাবি জানান। এতে তারা বলেন, আমদের সঙ্গে ভিপি জয়নাল ও মোশারফ হোসেন আছেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপি সভাপতি সামছুল হক দুতু। বক্তব্য রাখেন জেলা কমিটির প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহার, সোনাগাজী উপজেলা সভাপতি জয়নাল আবেদিন বাবলু এবং সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন। বক্তারা বলেন, সাঈদ এস্কান্দার দলের নয়, আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছেন। তার বিতর্কিত ভূমিকায় ফুলগাজী উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী পরাজিত হন। তার সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন মজুমদার, জেলা কৃষকদল সভাপতি মোজাম্মেল হক বাবুল, দাগণভূঞা কমিটির সাধারণ সম্পাদক মতিন চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি কামরুল হাসান মাসুদ, দাগণভূঞা পৌর কমিটির সভাপতি এম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, ছাগলনাইয়া কমিটির সহ-সভাপতি মোহাম্মদউল্যাহ পাটোয়ারী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/২০১৪ ঘ.