২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রশ্নই উঠে না: দেলোয়ার

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল চেয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল চান না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল চেয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল চান না। বুধবার বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিঙে সাংবাদিকদের তিনি এ কথা বলেন । দেলোয়ার বলেন, ''তত্ত্বাবধায়ক সরকার বাদ বা বাতিলের প্রশ্নই উঠে না। আমাদের দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। যে পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হবে, সে পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রয়োজন রয়েছে।'' এ সরকার পদ্ধতির পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ''সব তত্ত্বাবধায়ক সরকার এবারের মতো হবে না। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ৯০ দিনের মধ্যে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু সেনা সমর্থিত এ তত্ত্বাবধায়ক সরকার সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করেছে। তারা নীল নকশার ষড়যন্ত্রে ১/১১ সৃষ্টির মাধ্যমে দেশের জরুরি অবস্থা জারি করেছে।'' বিএনপি মহাসচিব সদ্য বিদায়ী সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদসহ ১/১১ সৃষ্টির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। তিনি বলেন, ১০ ট্রাক অস্ত্র পাচার ঘটনার সময় মইন চট্টগ্রামের জিওসি ছিলেন। পত্র-পত্রিকায় খবর বেরিয়েছে, ওই অস্ত্রবাহী জাহাজের কথা তিনি (মইন) জানতেন। দশ ট্রাক অস্ত্র মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের মাধ্যমে তারেক রহমানসহ দলীয় নেতাদের জড়ানোর 'ষড়যন্ত্রের' অভিযোগ করেন দেলোয়ার। তিনি বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকার এসব ফন্দি করছে। তারা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে এটা করতে চাচ্ছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মহল বিশেষের অপচেষ্টা ও ষড়যন্ত্র। কিন্তু এভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ এনে বিএনপিকে দমানো যাবে না। দেশের মানুষ সরকারের এসব অপকর্ম বুঝে গেছে। এ সময় দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক ছাত্র নেতা হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এইচএ/১৮৪০ ঘ.