২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইন উ আহমেদের বিচার দাবি করেছেন মওদুদ

সদ্য বিদায় নেওয়া সেনাপ্রধান মইন উ আহমেদের বিচার দাবি করেছেন বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ। তার অভিযোগ, মইন উ আহমেদ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার 'ষড়যন্ত্রে' বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নেপথ্য নায়ক হিসেবে কাজ করেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য বিদায় নেওয়া সেনাপ্রধান মইন উ আহমেদের বিচার দাবি করেছেন বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ। তার অভিযোগ, মইন উ আহমেদ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার 'ষড়যন্ত্রে' বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নেপথ্য নায়ক হিসেবে কাজ করেছেন। একই অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে আরও পাঁচ সেনা কর্মকর্তার বিচারও চেয়েছেন মওদুদ আহমেদ। চার বছর দায়িত্ব পালনের পর সেনাপ্রধানের পদ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মইন উ আহমেদ। দেশের ইতিহাসে ঘটনাবহুল ২০০৭ ও ২০০৮ সালে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনে সেনাবাহিনী তথা জেনারেল মইনের জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। ওই সময়ে জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার বক্তব্য ও ভূমিকা নিয়ে বিতর্ক আছে। জরুরি অবস্থার মধ্যেই দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। অন্য অনেক রাজনৈতিক নেতার সঙ্গে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন মওদুদ আহমেদও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ সোমবার মতিঝিলে তার চেম্বারে সাংবাদিকদের বলেন, "মইনসহ ৬ সেনা কর্মকর্তা এ দেশকে বিরাজনীতিকরণ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নেপথ্য নায়ক হিসেবে কাজ করেছে।" অপর যে সেনা কর্মকর্তাদের বিচার মওদুদ দাবি করেছেন, তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, মেজর জেনারেল এ টি এম আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী। মওদুদ বলেন, "এরা দেশের অনেক রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে শারীরিকভাবে নির্যাতন করার সঙ্গে জড়িত ছিলেন। এসব তদন্তে একটি সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।'' সাবেক আইনমন্ত্রী আরও বলেন, "এদের মধ্যে যারা দেশে আছেন, তারা যেন বিদেশে যেতে না পারেন সে জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। একইভাবে যারা বিদেশে আছেন, তাদের ফিরিয়ে আনতে হবে।" মওদুদ বলেন, "ভবিষ্যতে কোনও অপশক্তি কিংবা অপপ্রচেষ্টায় দেশের গণতন্ত্র যেন বিপর্যস্ত না হয়, তার দৃষ্টান্ত রাখতে এদের বিচার হওয়া উচিৎ। সরকার এ উদ্যোগ নিলে আমরা একে সমর্থন জানাব এবং সহযোগিতা দেবো।" ব্যারিস্টার মওদুদ বলেন, "ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারটি অসাংবিধানিক সরকার ছিল। জরুরি অবস্থার অপব্যবহার করে এ সরকার ও জেনারেল মইনের নেতৃত্ব্ েকিছু সেনা কর্মকর্তারা রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। গণতন্ত্রকে বিপদের মুখে ফেলেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৮২০ ঘ.