২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফিরে আসতে বিরোধীদলকে আবারো স্পিকারের অনুরোধ

বিরোধীদলকে সংসদে ফিরে আসতে আবারো অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। শনিবার সরকারি হিসাব সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটি সংক্রান্ত প্রকল্পের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধান বিরোধী দলের প্রতি এ অনুরোধ জানান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলকে সংসদে ফিরে আসতে আবারো অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। শনিবার সরকারি হিসাব সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটি সংক্রান্ত প্রকল্পের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধান বিরোধী দলের প্রতি এ অনুরোধ জানান। স্পিকার বলেন, "সবকিছুর পরেও আমি বিরোধী দলের সব সংসদ সদস্যের প্রতি অনুরোধ করবো অচিরেই তারা যেনো সংসদে যোগ দেন। বাজেটের মত গুরুপূর্ণ বিষয় নিয়ে জাতির সামনে কথা বলেন।" নবম সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন থেকেই বিরোধী দলের প্রথম সারিতে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে বিএনপি সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে। আব্দুল হামিদ বলেন," বিরোধী দলকে সামনের সারিতে আর আসন দেওয়া সম্ভব নয়। তাদেরকে যথাযথ মূল্যায়ন করেই পাঁচজনকে সামনের সারিতে আসন দেয়া হয়েছে।" সরকারি দলের চিফ হুইপের সঙ্গে আলোচনা করেই এ আসন বিন্যাস করা হয়েছে জানিয়ে স্পিকার বলেন, "তারপরও বলবো কায়া দেখলে মায়া বাড়ে। আপনারা ( বিরোধী দল) সংসদে আসুন। সংসদে আসলে সম্পর্ক বাড়বে। তখন দুই দল মিলে যদি কিছু করে তখন আর আমার বলার কিছু থাকবে না।" এ কর্মশালার আয়োজন করে জাতীয় সংসদ সচিবালয় ও বিশ্ব ব্যাংক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংসদ এমকে আনোয়ার, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কে এইচ রশিদুজ্জামান, বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি তাহসিন সাঈদ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ প্রমুখ। এম কে আনোয়ার বলেন," সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সক্রিয়ভাবে কাজ করতে পারলে সরকারের দায়বদ্ধতা আরও বাড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এইচএ/১২৫২ ঘ.