২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহ্বায়ক কমিটিতে অনেকের স্থান না হওয়ায় খসরুর দুঃখ প্রকাশ

চট্টগ্রাম নগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে অনেক যোগ্য নেতা স্থান না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কমিটির আহ্বায়ক সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে অনেক যোগ্য নেতা স্থান না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কমিটির আহ্বায়ক সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে বন্দরনগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ব্যক্তিগতভাবে এ দুঃখ প্রকাশ করেন। এ সময় ১৩ জন যুগ্ম আহবায়কের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। নগর কমিটির সাবেক আহবায়ক ও সাবেক হুইপ ওয়াহিদুল আলম এবং ওয়ার্ড কমিশনার এসএম ইকবাল ও নিয়াজ মোহাম্মদ খান ব্যস্ততার কারণে আসতে পারেননি বলে তিনি জানান। নবগঠিত এ কমিটিতে অনেকেই স্থান না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, 'নবগঠিত কমিটিতে অনেক ত্যাগী নেতা স্থান পাননি। এর জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। কেন্দ্র ঘোষিত এ কমিটির ব্যাপারে আমার কিছু করার নেই।' তবে তিনি বাদ পড়া যোগ্য নেতাদের নাম জানাতে চাননি। নবগঠিত কমিটির আহ্বায়ক বলেন, দলের ভেতর গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয়েছে। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে নেওয়ার মানসিকতা সবার থাকতে হবে। সবাইকে একযোগে কাজ করারও আহবান জানান তিনি। আমীর খসরু জানান, দল থেকে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হবে। পরে পর্যায়ক্রমে সম্মেলন করে থানা ও ওয়ার্ড কমিটি এবং মহানগর কমিটি গঠন করা হবে। আগের মতো দুই/তিন বছর সময়ক্ষেপণ করা হবে না। বাজেট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও প্রবৃদ্ধির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। একইভাবে, বিনিয়োগ বাড়ানোরও কোনো সুযোগ রাখা হয়নি। এছাড়া, বাজেট ঘোষণার আগেই গাড়িকে বিলাসবহুল পণ্য হিসেবে তালিকাভুক্ত করা এবং কর বাড়ানোর ঘোষণা দেওয়ায় তিনি অর্থমন্ত্রীর সমালোচনা করেন। এ প্রসঙ্গে আমীর খসরু বলেন, "এর ফলে আমদানীকারকরা পুরনো বাজেটের সুবিধা নিতে বিপুল সংখ্যক গাড়ি আমদানি করেছে। এতে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/২০০৩ ঘ.