চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে বোমা হামলার ঘটনায় বাকলিয়া থানায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম এ রায় দেন।
রায়ে অপর আসামি জালাল হোসেন ওরফে জাহিদকে ১০ বছর, আরশাদুল আলম ওরফে টি আলমকে পাঁচ বছর সাজা দেওয়া হয়।
আসামিদের মধ্যে জাহিদ পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি শফিকুল ইসলাম ওরফে রাসেলকে খালাস দেওয়া হয়েছে।
এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মত চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কর্ণফুলী সেতু সংলগ্ন তিন রাস্তার মোড়ে জেএমবি জঙ্গিরা বোমা হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা হয়।
২০০৭ সালের ১২ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠন করা হয় ২০০৮ সালের ১৩ নভেম্বর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, বোমা হামলার ঘটনায় অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে জঙ্গি কমান্ডার মোহাম্মদসহ তিনজনকে আদালত এ সাজা দিয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত বারটি মামলায় জেএমবি কমান্ডার মোহাম্মদের ২০৪ বছরের সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24