২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনের দাবি দেলোয়ারের ব্যক্তিগত, বিএনপির নয়: হান্নান

বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মধ্যবর্তী নির্বাচনের দাবি তার ব্যক্তিগত, এটা বিএনপির দলীয় দাবি নয় বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 10:13 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

সুনামগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মধ্যবর্তী নির্বাচনের দাবি তার ব্যক্তিগত, এটা বিএনপির দলীয় দাবি নয় বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ- ৪ আসনের উপনির্বাচনে চারদলীয় জোট প্রার্থী ফজলুল হক আছপিয়ার সমর্থনে শহরের পৌর বিপণীতে সংযোগকালে তিনি এ মন্তব্য করেন। হান্নান শাহ আরও বলেন, "স্পিকার অজ্ঞাত শক্তির সূতোর টানে বিরোধী দলের আসন বণ্টনের দাবি উপেক্ষা করছেন। বিএনপির দাবি অনুযায়ী সংসদে আসন বণ্টন করতে সরকারি দল টালবাহানা করছে।" সংসদকে অকার্যকর রাখতে সরকার এসব করছে বলে তিনি অভিযোগ করেন। সুনামগঞ্জ- ৪ আসনের উপনির্বাচনে সরকারি দল ভোটারদের নানা ভয়ভীতি দেখাচ্ছে। কালো টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ। গণসংযোগ কালে তার সঙ্গে ছিলেন- সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, হুমায়ুন কবীর জাহানুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৭ এপ্রিল জাতীয় পার্টির সাংসদ মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৫ জুন আসনটিতে উপ-নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২১ ঘ.