২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার অভিযোগে মাগুরায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দু'টি মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মাগুরায় এক সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দু'টি মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

মাগুরা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মাগুরায় এক সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দু'টি মামলা হয়েছে আদালতে। এক ঘটনায় দু'জন বাদী হয়ে বুধবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম জালাল উদ্দিনের আদালতে এ মামলা দু'টি দায়ের করা হয়। মামলার দুই বাদী হলেন মাগুরার শালিখা উপজেলার আনন্দনগর গ্রামের সাজেদা খাতুন ও কাছেদ আলী। বিচারক অভিযোগটি আমলে নিয়ে তা এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মাগুরা সদর থানাকে নির্দেশ দেন। মামলার এজাহারে আসামি উপজেলার আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লতিফ মোল্যাকে 'রাজাকার' কমান্ডার বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে অজ্ঞাত পরিচয়ের আরও ১০/১২ জনকে আসামি করা হয়। মামলা দু'টির বিবরণ থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৫ নভেম্বর সকাল ৬টায় লতিফ মোল্যা তার রাজাকার বাহিনী নিয়ে বাদী সাজেদা খাতুনের স্বামী মুক্তিযোদ্ধা বিলায়েত হোসেন, অপর বাদী কাছেদ আলীর বাবা হিছাম মোল্যা, ময়েন উদ্দিন (৩৫) এবং কওসার মোল্যা (৩৮) ও মখছেদ মোল্যাসহ (৩৭) আরও তিন মুক্তিযোদ্ধাকে আনন্দনগর গ্রাম থেকে ধরে নিয়ে মাগুরা শহরের নবগঙ্গা বাঁধে নিয়ে গুলি করে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.