ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধের জের ধরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন বৃহস্পতিবার যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বেলা তিনটায় নবম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেন, "এ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভায় সিদ্ধান্ত নেব আমরা। আগামী সপ্তাহের যেকোনো দিন এ সভা অনুষ্ঠিত হবে।"
তিনি বলেন, "সামনের সারিতে আসন বন্টন বিষয়ে স্পিকার তার করা অঙ্গীকার পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।"
এক প্রশ্নের জবাবে বিরোধী দলের চিফ হুইপ বলেন, "আপনারা সাংবাদিকরা আমাদের চেয়ে ভালো বুঝবেন। আপনারাই ব্যাখ্যা করুন।"
স্পিকার আব্দুল হামিদ বুধবার জানান, তার বাম পাশের সামনের সারিতে বিএনপিকে একটার বেশি আসন বরাদ্দ দেওয়া সম্ভব হবেনা।
আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য স্পিকার সোমবার ও মঙ্গলবার সরকার দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের সঙ্গে বৈঠক করেন।
সামনের সারিতে আসন সংখ্যা চার থেকে বাড়িয়ে সাত করার দাবি জানান ফারুক। অন্যদিকে আওয়ামী লীগ সামনের সারির আর একটি আসন ছাড়তে রাজী হয়েছে।
মঙ্গলবার আসন বিন্যাস নিয়ে স্পিকারের এ প্রস্তাবকে 'অসম্মানজনক' বলে আখ্যায়িত করেন বিরোধী দলের চিফ হুইপ ।
সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার বিএনপিকে সামনের সারিতে আটটি আসন বরাদ্দ দেন। কিন্তু বর্তমান স্পিকার আব্দুল হামিদ সামনের সারির মাত্র চারটি আসন বরাদ্দ দেন তাদের। এর প্রতিবাদে গত ২৮ জানুয়ারি নবম সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ বয়কট করে তারা। এরপর গত ২৩ ফেব্র"য়ারি বিএনপি সংবদ অধিবেশনে ফিরে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এইচএ/১৪৪০ঘ.
bdnews24