ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতের টিপাইমুখে বাঁধ নির্মিত হলে সারাদেশে মরুকরণ হবে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যায় গাবতলীর আমিনবাজারে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের পর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান খালেদা।
খালেদা জিয়া বলেন,''ফারাক্কা বাঁধ দিয়ে দেশের একাংশের মরুকরণ হয়েছে। টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে পুরো দেশের মরুকরণ হয়ে যাবে।''
বিএনপি চেয়ারপার্সন অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণের প্রতিশ্র"তি পুরণ না করে বিদেশিদের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করছে। 'দেশের অবস্থা ভালো নয়' মন্তব্য করে তিনি বলেন, "আজ বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা চলছে। দেশের মানচিত্র বিকিয়ে দেওয়ার চেষ্টা চলছে।''
এর আগে খালেদা জিয়া কেরানীগঞ্জের আগানগর-গুদারাঘাটের সামনে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উভয় জায়গাতেই সমবেত জনতার উদ্দেশে রাখা বক্তব্যে দেশকে 'অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের' ব্যাপারে জনগণকে সর্তক থাকার আহবান জানান খালেদা জিয়া।
খালেদা জিয়া তার প্রয়াত স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার কেরানীগঞ্জ, কদমতলী, ডেমরা, শ্যামপুরসহ ২১ টি স্থানে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, ''দেশে আজ চরম দুর্গতি। দ্রব্যমূল্য বেড়েই চলেছে। ভালো হওয়ার কোনো লক্ষণ নেই।"
জিয়াউর রহমানের 'শাহাদাৎ বার্ষিকীর' অনুষ্ঠানে সাধারণত বক্তব্য না দেওয়ার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, "আজ আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই সংগঠিত থাকুন।''
এর আগে দুপুর পৌনে ১২টায় রামপুরা টিভি কেন্দ্রের সামনে গরিবদের খাবার বিতরণ উদ্বোধনের মধ্য দিয়ে শেষ দিনের কর্মসূচি শুরু করেন খালেদা।
সন্ধ্যা ৬ টার দিকে খালেদা জিয়া সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের লালন টাওয়ারের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের পর গরীব ও দুঃস্থদের মধ্যে 'তবারক' বিতরণ করেন। পরে তিনি আমিনবাজার এলাকায় চিশতীয়া ফিলিং স্টেশনে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন। মিলাদ মাহফিল শেষে তিনি তবারক বিতরণ করেন।
এদিকে খালেদা জিয়া মঙ্গলবার গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা মিলাদ ও দরিদ্র ভোজ কর্মসূচিতে যোগ দেবেন বলে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে জেলা বিএনপি।
জিয়ার মৃত্যুবার্ষিকীর দিন ৩০ মে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এসকে/২২৫৬ঘ.
bdnews24