চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে জেলার রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
সকালে রাঙ্গুনিয়ায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া কবর প্রাঙ্গণে দোয়া মাহফিল ও ফাতেহা পাঠ করা হয়।
এসময় বিএনপি নেতাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক প্রতিমন্ত্রী সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী , এএম নাজিম উদ্দীন, দস্তগীর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থি'ত ছিলেন।
বিকালে মহানগর বিএনপির উদ্যোগে চট্টগ্রাম মুসলিম হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান চলমান রাজনৈতিক প্রসঙ্গ তুলে বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল নির্বাচনী বৈতরণী পার হবার অপকৌশল মাত্র।"
আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার ভুলে গিয়ে বিরোধী দলকে দমন করে দেশে 'একদলীয় বাকশালীয় শাসন' কায়েমে ব্যস্ত বলে মন্তব্য করেন তিনি।
নোমান বাংলাদেশের পুনর্গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন এবং খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৮৫৩ঘ.
bdnews24