ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে।
সকাল পৌনে ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কবর প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। খালেদা জিয়া তাতেও অংশ নেন।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আরএ গণি, এম শামসুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ, সহ-সভাপতি এমকে আনোয়ার, অধ্যাপক সারোয়ারী রহমান, আলতাফ হোসেন চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস প্রমুখ।
খালেদার পর মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব), জাসাস, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন জিয়ার কবরে ফুল দেয়। কবর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে জিসাস।
খালেদা জিয়া পরে মোহাম্মদপুর টাউন হলে স্থানীয় বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি এদিন রাজধানীর ৪৫টি স্পটে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন। রাত নয়টার দিকে মুগদাপাড়া কমিউনিটি সেন্টারে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
রোববার সকালে শাহীনবাগ মাঠে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে। এদিন ৩৫টি স্থানে কাঙালিভোজন হবে।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুরে জানিয়েছিলেন, রাজধানীর মতো সারাদেশেই দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং আলোচনা সভা হচ্ছে।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
কর্মসূচি চলাকালে বিএনপির মহানগর নেতাকর্মীদের মধ্যে যাত্রাবাড়ি ও কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশেসহ কয়েকটি স্থানে হাতাহাতি হয়।
১৯৮১ সালের ৩০ শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার 'শাহাদত দিবস' হিসেবে পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২১৮ ঘ.
bdnews24