২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাফরুলে সভা-সমাবেশ নিষিদ্ধ

একই স্থানে জামায়াতে ইসলামী এবং ছাত্রলীগসহ দুটি সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ডাক দেওয়ায় রাজধানীর কাফরুলের শহীদ মিনার মাঠে শুক্রবার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 08:55 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে জামায়াতে ইসলামী এবং ছাত্রলীগসহ দুটি সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ডাক দেওয়ায় রাজধানীর কাফরুলের শহীদ মিনার মাঠে শুক্রবার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার বিকাল ৩টায় থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জামায়াতে ইসলামী কাফরুল থানা শাখা শহীদ মিনার মাঠে কর্মী সম্মেলনের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু একই স্থানে সভা ডেকেছে ছাত্রলীগের ঢাকা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড শাখা। এছাড়া একই সময় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কেন্দ্রও একই স্থানে সমাবেশ আহ্বান করেছে। তাই পরিস্থিতির অবনতি ঠেকাতে শহীদ মিনার মাঠে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে পুলিশ জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাল্টাপাল্টি কর্মসূচির কারণে দাঙ্গা হাঙ্গামা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। জনগণের নিরাপত্তার রাখার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহীদ মিনার মাঠ এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪৫৩ ঘ.