২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার: দীপু মনি

বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকার রাজি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "গত ১৬-১৭ মে মিয়ানমার সফরের সময় সে দেশের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা রোহিঙ্গাদের ওই দেশের নাগরিক হিসেবে মেনে নিয়ে তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে রাজি হয়েছেন।" দীপু মনি জানান, প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করতে মিয়ানমার সরকারের পক্ষ থেকে এ দেশে অবস্থানরত রোহিঙ্গাদের একটি তালিকা চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 07:26 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকার রাজি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "গত ১৬-১৭ মে মিয়ানমার সফরের সময় সে দেশের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা রোহিঙ্গাদের ওই দেশের নাগরিক হিসেবে মেনে নিয়ে তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে রাজি হয়েছেন।" দীপু মনি জানান, প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করতে মিয়ানমার সরকারের পক্ষ থেকে এ দেশে অবস্থানরত রোহিঙ্গাদের একটি তালিকা চাওয়া হয়েছে। গত ডিসেম্বরে মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গারা মিয়ানমারের নয়, বাংলাদেশের নাগরিক। তবে রোহিঙ্গা শরণার্থীরা যে মিয়ানমারের নাগরিক, সে বিষয়ে সফরকালে ঐতিহাসিক তথ্য এবং প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমন নতুন কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরেই আরাকানের জনগণ বাংলাদেশে আসছে। কক্সবাজার এবং বান্দরবান জেলায় ব্যাপক হারে রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এই প্রথম তিনি মন্তব্য করলেন। দীপু মনি বলেন, "মিয়ানমার সরকার রোহিঙ্গাদের মাতৃভূমি আরাকান রাজ্যের 'গুণগত পরিবর্তনের' নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে তাদের আগমন বন্ধ করা যাবে না। আর এ পরিবর্তন না হলে আমরা তাদেরকে দেশে ফেরত পাঠালে বা মিয়ানমার তাদেরকে দেশে ফেরত নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও বাংলাদেশে তাদের আসা অব্যাহত থাকবে।" তিনি বলেন, "এসব শরণার্থীদের অল্প সংখ্যক ক্যাম্পে রয়েছে। তবে প্রচুর সংখ্যক শরণার্থী ক্যাম্পের বাইরে রয়েছে।" পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন বলেন, "যেখানে তারা বসবাস করে এখন পর্যন্ত সে এলাকার তেমন কোনও পরিবর্তন হয়নি।" বিদেশি কোনও নাগরিককে বাংলাদেশ সরকার এ দেশের নাগরিক হিসেবে গ্রহণ করবে না বলেও জানান তিনি। ফিরে যেতে অনাগ্রহী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের প্রায় ৩০ হাজার রোহিঙ্গা কক্সবাজারে অবস্থিত ক্যাম্পে বাস করছে। ইউএনএইচসিআর এর সঙ্গে ত্রিপক্ষীয় এক চুক্তি অনুযায়ী, অধিকাংশ রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরত পাঠানো হলেও উন্নত জীবনযাপনের জন্য তারা আবারও বাংলাদেশে চলে আসে। মিয়ানমারে ১৯৯১ সালের নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিজয়ী হলেও সামরিক জান্তা সরকার ক্ষমতা হস্তান্তর না করে তাকে কারাগারে পাঠায়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী সু চির হাতে ক্ষমতা হস্তান্তরসহ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি সরিয়ে রাখতে সামরিক জান্তা সরকারের দমন-পীড়নের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বৌদ্ধপ্রধান দেশটিতে মুসলমান রোহিঙ্গারা সংখ্যালঘু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিডি/এফএফ/এমআই/১৪৩৫ ঘ.