ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে আসন্ন বাজেটে ১০ কোটি টাকার বরাদ্দ চেয়েছে আইন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এ তথ্য জানান।
একই সঙ্গে আগামী ৩০ জুনের মধ্যে যুদ্ধাপরাধের বিচারের জন্য তদন্ত সংস্থা ও আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ''যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম শুরু করতে অর্থ প্রয়োজন। এজন্য সরকারের কাছে ১০ কোটি টাকার থোক বরাদ্ধ চেয়েছি। এই অর্থ পেলে বিচারক আইনজীবী, কর্মচারীদের সম্মানী ভাতাসহ আদালতের সার্বিক ব্যবস্থাপনার ব্যয় মেটানো সম্ভব হবে।''
তিনি জানান, ২৫ মে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে সরকারের সিদ্ধান্ত বিষয়ক এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "এই বিচার নিয়ে কোনো বির্তক ও জনমনে সন্দেহ সৃষ্টি হওয়ার অবকাশ নেই। যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ বিষয়ে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/আরএ/জিএনএ/১৭১২ঘ.
bdnews24