সুনামগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৫ জুন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের উপনির্বাচন সরকারি প্রভাবমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।
তিনি বলেন, "নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।"
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, গণ্যমান্য ব্যক্তি ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় নির্বাচন কমিশনার এ কথা বলেন।
১৭ এপ্রিল জাতীয় পার্টির (জাপা) সাংসদ মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।
ছহুল হোসাইন বলেন, "নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে দেশে দুটি গ্রহণযোগ্য নির্বাচন করেছে, যা দেশ বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।"
তিনি আরও বলেন, "আগামী নির্বাচনগুলোতে পার্বত্য এলাকা বাদে নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে না।"
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জহির আহমেদ, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৫ ঘ.
bdnews24