২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই'র সাবেক কর্মকর্তা লিয়াকত চারদিনের রিমান্ডে

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই'র সাবেক উপপরিচালক (টেকনিক্যাল) অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এম আসাদুজ্জামান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি হেফাজতে নেওয়ার অনুমতি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 09:56 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই'র সাবেক উপপরিচালক (টেকনিক্যাল) অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এম আসাদুজ্জামান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি হেফাজতে নেওয়ার অনুমতি দেন। বুধবার বিকেলে লিয়াকতকে পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য এ আদালতে আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী। আগের দিন রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে লিয়াকতকে গ্রেপ্তার করে সিআইডি। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালানটি পুলিশ আটক করে। এ মামলায় এর আগে এনএসআই'র সাবেক তিন কর্মকর্তা এবং একজন মাঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) সাহাবউদ্দিন আহমেদের জবানবন্দির ভিত্তিতে গত ১৬ মে গোয়েন্দা সংস্থাটির সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। ২১ মে আব্দুর রহিমকে টাস্কফোর্স ইন্টারোগেশন-টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। মঙ্গলবার তাকে আবার চট্টগ্রামে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে ট্রাক ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান চট্টগ্রাম গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক ও ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া তথ্যে ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এনএসআই'র মাঠ কর্মকতা আকবর হোসেন খানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭৫৮ ঘ.