২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকুকে বিদেশ যেতে বাধা দেওয়ায় আদালত অবমাননার রুল

আদালতের নির্দেশ সত্ত্বেও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ায় হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব ও দুই অভিবাসন কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আদালতের নির্দেশ সত্ত্বেও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ায় হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব ও দুই অভিবাসন কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল জারি করেছে। এই তিন কর্মকর্তাকে আগামী ৩ জুন হাইকোর্টে সশরীরে হাজির হতেও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কয়েকটি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারের ঊর্ধ্বতন মহলের অজ্ঞাতসারে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। বুধবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি আজিজুল হকের বেঞ্চ টুকুর দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত ১১ মে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে টুকুকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। এরপর গত রোববার টুকু বিদেশ যাওয়ার সময় অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমান থেকে নামিয়ে আনে। এই অভিযোগ এনে টুকুর দায়ের করা আদালত অবমাননার মামলার ওপর শুনানি করেন আজমালুল হোসেন কিউসি। তিনি বলেন, এর আগেও গত ২ মে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে অভিবাসন পুলিশ টুকুকে বাধা দেয়। সরকার পক্ষে এই আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এম এ মান্নান মোহন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৮৫০ঘ.