২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি: রিটের শুনানি চলছে

সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিটের শুনানি চলছে। বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। রিটটি নিয়ে শুনানি মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার পর বুধবার দুপুর পর্যন্ত মুলতবি করেছিল এ বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 08:10 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিটের শুনানি চলছে। বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। রিটটি নিয়ে শুনানি মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার পর বুধবার দুপুর পর্যন্ত মুলতবি করেছিল এ বেঞ্চ। বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে খালেদা জিয়া গত ৩ মে হাইকোর্টে রিট করেন। পর পর চারটি বেঞ্চ অপারগতা প্রকাশ করার পর গত ১২ মে পঞ্চম এ বেঞ্চ রিটটির শুনানিতে সম্মত হয়। মঙ্গলবার শুনানিতে খালেদা জিয়ার পক্ষে টিএইচ খান যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল দাবি করে বলেন, সংবিধানে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে এবং প্রত্যেকের সঙ্গেই আইন অনুযায়ী আচরণ করতে হবে। তিনি বলেন, "বেআইনিভাবে খালেদা জিয়ার নামে বরাদ্দ করা বাড়িটি বাতিল করা হয়েছে। বাড়িটি থেকে খালেদাকে উচ্ছেদ করার জন্য সরকার পিছু নিয়েছে। বেআইনিভাবেই সরকার তাকে এ বাড়ি থেকে উচ্ছেদ করতে চায়।" জবাবে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "সেনানিবাসের জমি আইন অনুযায়ী কোনো বেসামরিক ব্যক্তিকে বরাদ্দ দেওয়া যায় না। কিন্তু সেনানিবাসের সোয়া আট বিঘা জমি মাত্র এক টাকায় খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জমি এভাবে বরাদ্দ দেওয়া যায় না।" মাহবুবে আলম আরও বলেন, এই বাড়িটি সেনাপ্রধানের বাড়ি ছিল। এই জমির মালিক সেনাবাহিনী। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি ও কি রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কাজ করতে পারেন? এসব কারণে খালেদাকে দেওয়া বাড়িটির বরাদ্দ অবৈধ, বাতিল ও অকার্যকর। ১৯৮১ সালের ১২ জুন খালেদা জিয়াকে গুলশানে বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই বাড়ি বরাদ্দ দেওয়ার কোনো সিদ্ধান্ত তখন হয়নি। তিনি বলেন, এসব বিষয় জানিয়ে খালেদা জিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশ খণ্ডন করে তিনি (খালেদা জিয়া) কোন সুষ্পষ্ট বক্তব্য দেননি। আইনজীবীর মাধ্যমে একটি 'দায়সারা' জবাব দিয়েছেন। মাহবুবে আলম বলেন, খালেদা জিয়ার বাড়িটি নিয়ে মামলা দেওয়ানী আদালতে চলতে পারে। হাইকোর্টে এ বিষয়টি নিয়ে রিট চলতে পারে না। এর আগে সোমবার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ খালেদার রিটের শুনানি মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সরকার গত ২০ এপ্রিল ১৫ দিনের সময় দিয়ে বাড়িটি ছেড়ে দিতে প্রথম নোটিশ দেয়। এরপর গত ৭ মে একটি সম্পূরক এবং ২৪ মে তৃতীয় আরেকটি নোটিশ পাঠানো হয় তাকে। সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, তৃতীয় নোটিশ ইস্যু করার পরও নির্ধারিত সময়ের মধ্যে খালেদা জিয়া বাড়ি না ছাড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এইচএ/১৪১৫ ঘ.