২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন কমিশনের সুপারিশের জন্য যেন দ্রব্যমূল্য না বাড়ে: প্রধানমন্ত্রী

জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে দ্রব্যমূল্য যেন বেড়ে না যায় সংশ্লিষ্টদের সেদিকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কমিশনের সুপারিশ যেভাবে বাস্তবায়ন করা দরকার সেভাবেই তা করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে দ্রব্যমূল্য যেন বেড়ে না যায় সংশ্লিষ্টদের সেদিকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কমিশনের সুপারিশ যেভাবে বাস্তবায়ন করা দরকার সেভাবেই তা করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তগুলো জানান। মন্ত্রিসভার বৈঠকে অন্যান্য কয়েকটি বিষয়ের পাশাপাশি জাতীয় বেতন কমিশনের সুপারিশও উপস্থাপন করা হয়। কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনের সর্বোচ্চ স্কেল ৪৫ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা। ২০০৮ সালের ৩১ আগস্ট গঠিত জাতীয় বেতন কমিশন চলতি বছরের ২৩ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। সশস্ত্র বাহিনীর জন্য বেতন কমিশন গঠন করা হয় ২০০৮ সালের ৫ অক্টোবর। তারা তাদের প্রতিবেদন জমা দেয় এ বছরের ৫ মে। বেতন কমিশনের রিপোর্টে বলা হয়, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর দিতে হবে। যেসব কর্মকর্তা গাড়ি পান তাদের পাঁচ থেকে সাত বছরের মধ্যে গাড়ির সুবিধা 'নগদায়ন' করা হবে। আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিসভার বৈঠকে বেতন কমিশন বিষয়ে সাত সচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দেড় মাসের মধ্যে বেতন কাঠামো বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেবে। কমিটিতে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, অর্থ, প্রতিরক্ষা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংস্থাপন, আইন এবং পরিকল্পনা সচিব। আবুল কালাম আজাদ বলেন, "এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করতে গিয়ে যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে, ক্রেতাদের ওপর বাড়তি চাপ না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। মুদ্রাস্ফীতি বাড়তে দেওয়া যাবে না। জিনিষপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বেতন কমিশনের প্রতিবেদন যেভাবে বাস্তবায়ন করা দরকার, সেভাবেই বাস্তবায়ন করা হবে।" বৈঠকে প্রস্তাবিত যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০০৯ এবং 'রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর সংশোধনী প্রস্তাব নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। 'রিয়েল এস্টেট সংক্রান্ত আইনটির সংশোধনী প্রসঙ্গে আবুল কালাম আজাদ জানান, জামিন অযোগ্য অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে। রিয়েল এস্টেট ব্যবসায়ীরা বিশেষ করে এ বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০০৮-এর অধীনে সংঘটিত অপরাধ জামিন অযোগ্য করা হয়েছিল। অধ্যাদেশটিকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় ২০০৮ সালের ২৯ জুলাই। অধ্যাদেশে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে রিয়েল এস্টেটের উন্নয়নের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশে ৭টি অধ্যায় আছে। সংশোধিত অধ্যাদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন রিয়েল এস্টেট কোম্পানি কাজ শুরু করলে বা বিজ্ঞাপন প্রচার করলে ২ বছরের কারাদণ্ড, অনুর্ধ্ব ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, ক্রেতাকে নোটিশ না দিয়ে বরাদ্দ বাতিল বা স্থগিত করলে এক বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, রিয়েল এস্টেটের কাজ বন্ধ করে দিলে এক বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, নক্সা-বর্হিভূত ভবন নির্মাণ করলে তিন বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং প্রতারণা করলে ২ বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় ধরনের দণ্ডের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়, কোনো কোম্পানির মালিক, পরিচালক ও কর্মকর্তার জ্ঞাতসারে বা অংশগ্রহণে অপরাধ সংঘটিত হলে তার জন্য ব্যক্তিগতভাবে মালিক দায়ী থাকবেন। আবুল কালাম আজাদ জানান, বৈঠকে ঘূর্ণিঝড় 'আয়লা' নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্ধার কাজ এবং ত্রাণ তৎপরতায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ দেওয়া হয়েছে নৌ-বাহিনী এবং উপকুল রক্ষী বাহিনীকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিআর/এসকে/২০৫৭ঘ.