২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ছাড়তে খালেদাকে তৃতীয় নোটিশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে রোববার তৃতীয় নোটিশ দিয়েছে সরকার। এতে আগামী ৩০ জুনের মধ্যে বাড়িটির দখল সেনানিবাসের সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে। (প্রেস সচিবের প্রতিক্রিয়াসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে রোববার তৃতীয় নোটিশ দিয়েছে সরকার। এতে আগামী ৩০ জুনের মধ্যে বাড়িটির দখল সেনানিবাসের সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে। সামরিক ভূ-সম্পত্তি প্রশাসক এই নোটিশ পাঠিয়েছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে খালেদা জিয়াকে নোটিশটি পাঠানো হয়। নোটিশটির বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, বাড়িটি ছেড়ে দিতে গত ৭ মে খালেদা জিয়াকে নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশে কেন বাড়ি ছাড়বেন না তা ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছিল। গত ২২ মে ১৫ দিনের সময়সীমা শেষ হয়েছে। তিনি (খালেদা জিয়া) কোনো জবাব দেননি। এ কারণে বাড়িটির দখল ৩০ জুনের মধ্যে হস্তান্তরের এই নোটিশ দেওয়া হয়েছে। তৃতীয় এ নোটিশে বলা হয়েছে, "আপনি (খালেদা জিয়া) ইচ্ছাকৃতভাবে কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। যেহেতু আপনি ওই নোটিশের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানো থেকে নিজেকে বিরত রেখেছেন এবং কারণ দর্শানো নোটিশের বক্তব্য খণ্ডন করেননি, তাই এটা স্পষ্ট যে কারণ দর্শানো নোটিশে যা বলা হয়েছে তা যথার্থ ও সঠিক। এ অবস্থায় ঢাকা সেনানিবাসের ৬ শহীদ মইনুল রোডের বাড়িতে আপনার অবস্থান ও দখলের কোনো আইনগত ভিত্তি নেই।" এদিকে খালেদা জিয়াকে দেওয়া সরকারের তৃতীয় নোটিশ প্রসঙ্গে তার প্রেস সচিব মারুফ কামাল খান বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " এই বাড়ির বিষয়ে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন। ইতোমধ্যে আদালত মামলার শুনানি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রকার হয়রানি না করার আদেশ দিয়েছে।" সরকার নতুন দফা নোটিশ দিয়ে বিরোধী দলীয় নেত্রীকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সরকার গত ২০ এপ্রিল ১৫ দিনের মধ্যে বাড়িটি ছেড়ে দিতে প্রথম নোটিশ দেয়। এরপর গত ৭ মে একটি সম্পূরক নোটিশ পাঠানো হয় তাকে। বাড়িটির বরাদ্দ যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি এ যুক্তিতে তা বাতিল করা হয়। বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে খালেদা জিয়া ৩ মে হাইকোর্টে রিট করেন। ওই রিট আবেদনের শুনানি গত ১৮ মে এক সপ্তাহ মুলতবি করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। পর পর চারটি বেঞ্চ শুনানিতে বিব্রত হয়ে অপারগতা প্রকাশ করার পর গত ১২ মে হাইকোর্টের এই বেঞ্চ খালেদার রিটটি শুনানির জন্য গ্রহণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এইচএ/১৯৪৯ ঘ.