ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদল নেতা হান্নান হত্যা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিমসহ চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর বিচারক মো. মাসদার হোসেন এ রায় দেন।
দুর্নীতির দায়ে ১৩ বছরের দণ্ডপ্রাপ্ত লালবাগের সাবেক সাংসদ সেলিম কারাগারে রয়েছেন।
গত ২০ মে সম্পদের তথ্য গোপন মামলায় হাজি সেলিম লালবাগের বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সিরাজুল ইসলাম আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৮ সালের ২৭ এপ্রিল একই আদালত অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন মামলায় পলাতক হাজি সেলিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়।
হান্নান হত্যা মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ৩০ মার্চ রাত ৯টার দিকে মিটফোর্ড হাসপাতাল এলাকার বালুর ঘাট মাঠে যুবদল কার্যালয়ের সামনে থেকে হাজি সেলিম এবং তার সহযোগীরা যুবদল নেতা হান্নানকে ডেকে নিয়ে যায়।
হাজি সেলিম এবং তার সহযোগী হেদায়েতুল ইসলাম, গোলাম মোহম্মদ, আলী আহমদ, দেলোয়ার হোসেন, মফিজুল ইসলাম দুধমিয়া ও বুদ্ধডোম হান্নানের বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলি করে হত্যা করে। এদের মধ্যে বুদ্ধডোম পালাতে গিয়ে জনতার গনপিটুনিতে নিহত হয়।
২০০৪ সালের ৩১ এপ্রিল স্থানীয় যুবদল সভাপতি রফিকুল ইসলাম ছয় জনকে আসামী করে মামলা কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
বিচার চলাকালে হেদায়েতুল ও মফিজুল মারা যান।
হাজি সেলিমের আইনজীবী প্রাণনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিমের বিরুদ্ধে মোট ১৩৭ মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। কয়েকটি মামলায় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে।
তিনি আরও জানান, সবগুলো মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তা প্রত্যাহারের জন্য ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
প্রাণনাথ আরও জানান, হান্নান হত্যা মামলায় ইতোপূর্বে শুনানির সময় বাদীসহ রাষ্ট্রপক্ষের ৬ সাক্ষী আদালতে বলেন, এই হত্যাকান্ডে হাজি সেলিম জড়িত নয়। পরে ওই সাক্ষীদের রাষ্ট্রপক্ষ বৈরী ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এইচএ/১৪১৮ ঘ.
bdnews24