২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিমেন্সের ঘুষে জেএমবির অর্থায়ন তদন্তে কমিটি হবে'

জার্মান প্রতিষ্ঠান সিমেন্সের ঘুষের অর্থ জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর তৎপরতায় ব্যবহৃত হয়েছে কি না তা খতিয়ে দেখতে সরকার শিগগিরই একটি কমিটি গঠন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান প্রতিষ্ঠান সিমেন্সের ঘুষের অর্থ জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর তৎপরতায় ব্যবহৃত হয়েছে কি না তা খতিয়ে দেখতে সরকার শিগগিরই একটি কমিটি গঠন করবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু শনিবার রাজধানীতে বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। তিনি বলেন, "বিগত জোট সরকারের আমলে টেলিযোগাযোগ খাতের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করবে সরকার। এ জন্য আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন করা হবে। সিমেন্সের ঘুষের অর্থ জেএমবি'র তৎপরতায় ব্যবহৃত হয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে।" বিগত সব সরকারের দুর্নীতির তদন্ত হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, "সাধারণত আগের সরকারেরটা হয়ে থাকে। আর তা করতে হলে তো ১৯৭২ সাল থেকেই দুর্নীতির তদন্ত করা উচিত। আমি পাঁচ বছরের দুর্নীতির তদন্ত করতে পারবো।" উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের ওয়েবসাইটে গত ১১ মে সাংবাদিক ডেভিড মনটেরোর এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিমেন্স বাংলাদেশে কাজ পেতে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দিয়েছিল। যুক্তরাষ্ট্রের আদালতে এ বিষয়টি সিমেন্স স্বীকারও করে। এতে বলা হয়, মার্কিন বিচার দপ্তরের কৌঁসুলিরা আদালতে যে দলিলপত্র উপস্থাপন করেন তাতে ঘুষগ্রহণকারী মন্ত্রীর নাম উল্লেখ না করা হলেও পরবর্তী তদন্তে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নাম বেরিয়ে আসে। আমিনুল হক যখন ওই ঘুষ নেন তখন তিনি জেএমবির পৃষ্ঠপোষকতা করছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিবেদক মনটেরো ঢাকায় আসার পরদিনই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত এটি স্পষ্ট হয় যে কিছু বিদ্রোহীর সঙ্গে জেএমবির সম্পর্ক ছিল এবং আক্রমণের লজিস্টিকসও এ ধারণাকে সমর্থন করে। মনটেরো তার প্রতিবেদনে বলেন, এর পর তিনি আরো অনুসন্ধানে রাজশাহী যান। ওই সময় স্থানীয় আইনজীবি একরামুল হক তাকে জানান, আমিনুল হক জেএমবির সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে সিমেন্স আমিনুল হককে যে ঘুষ দিয়েছিল তা জেএমবির হাতে গেছে কি না মনটেরোর প্রতিবেদনে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, সিমেন্সের ঘুষের অর্থ আমিনুল হক জেএমবির পিছনে ব্যয় করেছেন কিনা তার কোনও প্রমাণ নেই। তবে এতে এটাই প্রতীয়মান হয় যে ঘুষের অর্থ সহজেই ভুল হাতে পড়তে পারে। জেএমবিকে মদতদানের অভিযোগে ২০০৭ সালে আমিনুল হকের ৩১ বছরের কারাদণ্ড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/১৭১৭ ঘ.