ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে (আইসিএফএম) যোগ দিতে শনিবার সিরিয়ার রাজধানী দামেস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, মন্ত্রণালয়ের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাও মন্ত্রীর সঙ্গে যাবেন। সম্মেলনের পর ২৭ মে সকালে পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরবেন।
আইসিএফএম'র ৩৬তম এ সম্মেলন ২৩ মে শুরু ও শেষ হবে ২৫ মে। ওআইসি দেশ ছাড়াও মুসলমান অধ্যুষিত অন্যান্য দেশও মন্ত্রী পর্যায়ের এ সম্মেলনে অংশ নেবে।
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন, ইরাক পরিস্থিতি এবং সোমালিয়া ও সুদানের সর্বশেষ পরিস্থিতিসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সম্মেলনে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলন চলার ফাঁকে সৌদি আরব, ওমান, সিরিয়া, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, লিবিয়া, মিসর, সুদান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দীপু মনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিআর/২৩১৭ ঘ.
bdnews24