২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আলোচনার মাধ্যমে বিডিআর পুনর্গঠনে সিদ্ধান্ত চান মওদুদ

সংসদে আলোচনার মাধ্যমে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর পুনর্গঠন ও নামকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 11:34 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদে আলোচনার মাধ্যমে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর পুনর্গঠন ও নামকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ''বিদ্রোহের কারণে বিডিআর'র মত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এ বিষয়টি জাতীয় সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।'' বৃহস্পতিবার বিকালে মতিঝিলে নিজের কার্যালয়ে সাংসদ মওদুদ সাংবাদিকদের এ কথা বলেন। সাবেক আইনমন্ত্রী বলেন, ''বিডিআর জওয়ানদের বিদ্রোহের ঘটনার তদন্ত সম্পর্কে জানতে জনগণ আগ্রহী। সরকার গঠিত তদন্ত কমিটিসহ সিআইডি ও সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হোক।'' নাম বদলের বিপক্ষে যুক্তি তুলে ধরে মওদুদ বলেন,''সেনাবাহিনী, বিমান বাহিনী ও আনসার-এ বিদ্রোহের ঘটনা ঘটেছে। বিদ্রোহ হলে তার জন্য প্রতিষ্ঠানের দোষ হতে পারে না। বঙ্গভবনেও অতীতে অনেক নাটক হয়েছে, তাই বলে বঙ্গভবনের নাম বদল হয়নি।" ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় দোষীদের সনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। বিএনপি নেতা বলেন, ''আমাদের সেনাবাহিনীকে দুর্বল করতে বিদ্রোহের ঘটনা ছিল একটি ষড়যন্ত্র। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রের হোতাদের খুঁজে বের করতে হবে।'' প্রতিটি জেলায় বিএনপির আহবায়ক কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান মওদুদ। তিনি বলেন, ''ঢাকা মহানগর ছাড়া অন্য ৭৪টি জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির জন্য একটি নির্দেশিকা প্রস্তুতের কাজ চলছে। সে কাজ শেষ হলে কমিটির বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে।'' মওদুদ জানান, আহবায়ক কমিটিগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখার জন্য বিভাগীয় পর্যায়ে ছয়টি তদারক কমিটিও করা হবে। তিনি জানান, ঢাকা মহানগর আহবায়ক কমিটির বিষয়টি দলের চেয়ারপারসনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। মওদুদ দাবি করেন, ''আহবায়ক কমিটিতে সৎ, যোগ্য, ত্যাগী ও বিশ্বস্ত নেতাদের রাখা হয়েছে। দলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে নতুন মুখ রাখার চেষ্টা আমরা করেছি।'' বিএনপি এখন ঐক্যবদ্ধ একটি দল। এখানে সংস্কারপন্থী বলে কোনো গ্র"প নেই বলেও তিনি দাবি করেন। মওদুদ জানান, আহবায়ক কমিটি ঘোষণার পর ছাত্রদলসহ বিএনপি সমর্থক সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এইচএ/১৭৩৮ ঘ.