ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানকে একটি দুর্র্নীতির মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ তৈয়েবুরের জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেয়।
তৈয়েবুরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদেশের পর রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, তৈয়েবুরের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছিল। এ নিয়ে সবকটি মামলায় তিনি জামিন পেলেন। এখন তার কারামুক্তিতে আর কোন বাধা নেই।
গত বছরের ১৪ এপ্রিল খুলনা সিটি কর্পোরেশনের কর্মচারী হাফিজুর রহমান কর্পোরেশনের ১০ কোটি টাকা আর্থিক ক্ষতি করার অভিযোগে সাবেক মেয়র ও বিএনপি নেতা তৈয়েবুর রহমানের বিরুদ্ধে এ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এসকে/২২৪০ঘ.
bdnews24