ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক দুটি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে তারা দুজন ঢাকার দুটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্পদের তথ্য গোপন মামলায় ১৩ বছরের দণ্ডপ্র্রাপ্ত লালবাগের সাবেক সাংসদ হাজী সেলিম বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
বিচারক সিরাজুল ইসলাম আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে তাকে বিধি অনুযায়ী কারাগারে প্রথম শ্রেণীর ডিভিশনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্র্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার, মোখলেসুর রহমান বাদল ও অ্যাডভোকেট প্রাণনাথের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন সেলিম।
২০০৮ সালের ২৭ এপ্রিল একই আদালত অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন মামলায় হাজী সেলিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়। হাজী সেলিম তখন পলাতক ছিলেন। একই রায়ে তার স্ত্রী গুলশান আরা বেগমকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। সেলিমের স্ত্রী হাইকোর্ট থেকে নেওয়া জামিনে রয়েছেন।
২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর লালবাগ থানায় দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
এদিকে হাজী সেলিমের আত্মসমর্পণের খবরে সকাল থেকেই লালবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা আদালত চত্বরে ভিড় করেন। তাদের নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে এদিন দুপুরে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছোট ছেলে শফিউর রহমান বাবু ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক জেসমিন আনোয়ার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই আদালত গত ২৬ জানুয়ারি জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় বাবুকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা জরিমানা করে।
১ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৯ এপ্রিল দুদক শফিউর রহমান বাবুকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে।
সোনালী ব্যাংকের সাবেক এমডি তাহমিলুর কারাগারে
সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাহমিলুর রহমান সকালে ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
বিচারক অমর কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জ্ঞাত আয় বর্হিভূত এক কোটি ১৮ লাখ টাকা অর্জনের মামলায় একই আদালত গত বছরের ২১ সেপ্টেম্বর তাহমিলুরকে আট বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মুন্সীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠান।
গত ৩ মে দণ্ডপ্রাপ্ত পলাতক ১২ ভিআইপি'র জামিন বিষয়ে হাইকোর্ট এক আদেশে এ ধরনের পলাতক দণ্ডপ্রাপ্তদের নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
এরপর ৬ মে সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর এবং গত ১০ মে সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারগারে পাঠান।
একইভাবে পরবর্তীতে বিশেষ জজ আদালতে হাজির হয়ে সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাত ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন আত্মসমর্পণ করেন। তাদেরও কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২১২৭ ঘ.
bdnews24