২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি নিয়ে সম্পূরক আবেদন দায়ের

বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাসভবন ছেড়ে দেওয়ার সরকারি সম্পূরক নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সম্পূরক আবেদন দায়ের করা হয়েছে। খালেদার পক্ষে তার কৌসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে আবেদনটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাসভবন ছেড়ে দেওয়ার সরকারি সম্পূরক নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সম্পূরক আবেদন দায়ের করা হয়েছে। খালেদার পক্ষে তার কৌসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে আবেদনটি দায়ের করেন। সম্পূরক আবেদনে গত ৭ মে দেওয়া সরকারের সম্পূরক নোটিশ স্থগিতের আবেদন করা হয়েছে। সোমবার মূল রিট ও সম্পূরক আবেদনের ওপর এই বেঞ্চে শুনানি হবে। সকালে খালেদার পক্ষে আবেদনটি এফিডেভিট করার জন্য অনুমতি দেওয়া হয়। খালেদার কৌসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেন, "সম্পূরক নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে একটি সম্পূরক আবেদন দায়ের করা হয়েছে। সোমবার মূল রিট ও এই আবেদনের ওপর শুনানি হবে।" সম্পূরক আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়া গত ৩ মে রিট দায়ের করার পর সরকার পক্ষ থেকে বলা হয়েছিল তাকে ১০ মে পর্যন্ত হয়রানি করা হবে না। এই আশ্বাসে আদালত রিটের শুনানি ১০ মে পর্যন্ত মূলতবি করে। কিন্তু এর মধ্যে ৭ মে সম্পূরক নোটিশ দিয়ে আগের নোটিশ সংশোধন করে আদালতের সঙ্গে 'প্রতারণা' করা হয়েছে। আবেদনে খালেদাকে বাড়ি ছাড়তে দেওয়া প্রথম নোটিশ অবৈধ আখ্যায়িত করে বলা হয়, একই কারণে এটি সংশোধন করে সম্পূরক যে নোটিশ দেওয়া হয়েছে তাও অবৈধ। এই দ্বিতীয় নোটিশও খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই দেওয়া হয়েছে। এই নোটিশ সংবিধান ও আইন পরিপন্থী। পর পর চারটি বেঞ্চ শুনানিতে বিব্রত হয়ে অপারগতা প্রকাশ করার পর গত ১২ মে হাইকোর্টের এই বেঞ্চ খালেদার রিটটি শুনানির জন্য গ্রহণ করে। এর আগে ২০ এপ্রিল সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর আলোচিত বাড়িটি ১৫ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য খালেদা জিয়াকে নোটিশ দিয়েছিল। বাড়িটির লিজ বিধিসম্মতভাবে হয়নি উল্লেখ করে সরকার তা বাতিল করে খালেদা জিয়াকে এটি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন খালেদা। ওই দিন হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনানিতে বিব্রতবোধ করেন। ১০ ও ১১ মে আরো দু'টি বেঞ্চ শুনানিতে বিব্রতবোধ করার পর প্রধান বিচারপতি হাইকোর্টের রিটটি শুনানির জন্য এই পঞ্চম বেঞ্চে পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০৫৫ঘ.