সিলেট, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মর্যাদা ও ক্ষমতা ফিরে পেতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এ মাসেই আদালতে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ফোরাম।
শনিবার দুপুরে সিলেট নগরীর তেলিহাওওে একটি হোটেলে সভাকক্ষে বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ফোরামের সিলেট বিভাগীয় মতবিনিময় সভা শেষে সংগঠনের আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে আমরা আইনি পথেই অগ্রসর হচ্ছি।"
মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন কেন্দ্রীয় সরকারের কাজ নয়। উল্টো তারা ইউনিয়ন প্রকল্পে হাত বাড়াচ্ছে। যা সম্পূর্ণ আইন বিরোধী।
তারা সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, তাদেরকে পুতুল বানিয়ে রাখা চলবে না। প্রয়োজনে তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন।
সংগঠনের আহবায়ক মুহিবুর রহমান বিভাগীয় সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকিরিন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, কেন্দ্রীয় দপ্তর সচিব ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, দিরাই উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন, বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌছ খান, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া, দিরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, বিশ্বনাথ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম শোভা, রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা আহমদ বেলাল, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফিরোজ আলী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রায় ৫০ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় লিখিত বক্তব্যে সংগঠনের আহবায়ক মুহিবুর রহমান বলেন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পরিপত্র জারি করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ও ক্ষমতায়নের যে প্রচার চালাচ্ছে তা শুভঙ্করের ফাঁকি ও হাস্যকর। পরিপত্রে ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব বা ক্ষমতা সম্পর্কে একটি কথাও বলা হয়নি।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদ আইন ২০০৯ বাতিল এবং ১৯৯৮ সালের আইন বহাল রেখে ভাইস চেয়ারম্যানদের সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান, যানবাহন ভাতাসহ আনুষঙ্গিক সুবিধা এবং বাজেটে উপজেলা পরিষদকে প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24