২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে পিসিপির নেতা গ্রেপ্তার: প্রতিবাদে সড়ক অবরোধ

জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শুভ জ্যোতি চাকমাকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

রাঙামাটি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শুভ জ্যোতি চাকমাকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। জেএসএস'র এক নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ও অপর একটি অপহরণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনার প্রতিবাদে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের রাজবাড়ী এলাকায় টায়ার জ্বালিয়ে দুপুর তিনটা থেকে সড়ক অবরোধ করে রাখে পিসিপি'র নেতাকর্মীরা। বিকেল পাঁচটার দিকে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। রাঙামাটি সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আফরোজা জানান, সকাল সাড়ে ১১টায় বনরুপা এলাকা থেকে পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শুভ জ্যোতি চাকমাকে গ্রেপ্তার করা হয়। পরে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। হাকিম আবু হেনা রেজাউল কামাল শুভ জ্যোতিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই কর্মকর্তা জানান, গত ২৬ এপ্রিল শহরের দেবাশীষনগর এলাকায় জেএসএস'র নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রগতি চাকমা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবং একটি অপহরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিসিপির জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ফদাংতাং রান্দাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুভ জ্যোতিকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়েছে। তার নিশর্ত মুক্তি দাবি করে কঠোর আন্দোলনের কর্মসূচি দিয়ে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.