নোয়াখালী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপিকে সংসদের বাইরে রাখতে সরকার যড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেন, "বিএনপিকে বাইরে রেখে সরকার সংসদকে অকার্যকর করতে চায়। এ জন্য সরকার বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অসত্য অভিযোগ আনছে।"
শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও এলাকার একটি মাদ্রাসায় বিএনপির এক কর্মী সমাবেশে জয়নাল আবদিন এ কথা বলেন।
তিনি বলেন, "তারা (সরকার) যত ষড়যন্ত্রই করুক আমরা সংসদে যাব। এসব অন্যায়ের প্রতিবাদ করব। জনগণের অধিকারের পক্ষে কথা বলব।"
জয়নাল আবদিন অভিযোগ করেন, সরকার কালক্ষেপণ করে পিলখনা হত্যাকাণ্ডের তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে।
তিনি বলেন, "বিদ্যুৎ, গ্যাস, পানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যসহ নানা সমস্যা নিয়ে যখন দেশের মানুষ অতিষ্ঠ। তখন সরকার ওই সব সমস্যা সমাধানের দিকে না গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কিভাবে সেনানিবাসের বাড়ি থেকে বের করবে সে প্রক্রিয়া শুরু করেছে।"
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মমিন উল্লা, মোক্তার হোসেন, আমিন উল্লা, হুমায়ুন কবির হুমু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24