২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দ্বিতীয় নোটিশেরও জবাব দেবে না সরকার

সেনানিবাসের বাড়ি ছাড়তে সংশোধিত নোটিশ বাতিলের জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার দেওয়া পাল্টা লিগ্যাল নোটিশের জবাব সরকার দেবে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়তে সংশোধিত নোটিশ বাতিলের জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার দেওয়া পাল্টা লিগ্যাল নোটিশের জবাব সরকার দেবে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ১১ মে সেনানিবাসের বাড়ি ছাড়তে দেওয়া সংশোধিত নোটিশ পাঁচ দিনের মধ্যে বাতিলের জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান খালেদা। সংবাদ মাধ্যমে প্রচার পাওয়ার জন্যই বিএনপি নেত্রী লিগ্যাল নোটিশটি দিয়েছেন মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, "খালেদা জিয়ার দেওয়া দুটি নোটিশই গুরুত্বহীন। আমাদের কাছে এর কোনো গুরুত্ব নেই। নোটিশে যে ভাষায় লেখা হয়েছে তাতেও কোনো সারবত্তা নেই।" "আগের লিগ্যাল নোটিশটির মত দ্বিতীয়টিরও জবাব সরকার দেবে না। এর জবাব দেওয়ার কোনো প্রয়োজনও নেই।" বিএনপি চেয়ারপারসনকে সেনানিবাসের মইনুল রোডের বাড়ি ছাড়তে গত ২০ এপ্রিল প্রথম এবং ৭ মে সংশোধিত নোটিশ দেয় সামরিক ভূমি অধিদপ্তর। দুটি নোটিশেই বাড়ি ছাড়ার জন্য খালেদাকে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়। প্রক্রিয়া অবৈধ ছিল এ যুক্তিতে গত ৮ এপ্রিল মন্ত্রিসভা এক বৈঠকে খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা এদিকে, সারাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে শত শত মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, "এসব মামলা সরকারের মামলার সঙ্গে সাংঘর্ষিক হবে না। বরং '৭১ সালে যারা হত্যা, ধর্ষণ, লুটপাট এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে তাদের কাছে থাকা তথ্য-প্রমাণ সরকারের কাজে লাগবে।" তিনি মামলা দায়েরকারীদের কাছে যুদ্ধাপরাধের তথ্য-প্রমাণ সরবরাহ করার অনুরোধও জানান। তবে একইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে মামলা না করার আহ্বানও পুনর্ব্যক্ত করেন কামরুল। তিনি বলেন, "সরকারই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা করবে। আপনারা একটু ধৈর্য ধরুন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবোই।" যুদ্ধাপরাধের অভিযোগে সারাদেশে করা মামলার ভবিষ্যত কি হবে -এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "মূলত এসব মামলা করা হয়েছে ফৌজদারী অপরাধ হিসেবে। এটা প্রমাণ করার দায়িত্ব মামলার বাদির ওপরেই বর্তায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/১৭৩৭ঘ.