ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমসহ ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' হিসেবে হাজির হওয়ার আদেশ প্রত্যাহার করে নিয়েছে আদালত।
বুধবার তিন বাদি মামলাটি প্রত্যাহারের আবেদন করলে ঢাকার নবম সহকারি জজ আদালতের বিচারক ইফতেখার আহমেদ এ আদেশ দেন।
এদিকে মামলা প্রত্যাহার করে নেওয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বাদিপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক যে আইন রয়েছে তাতে একমাত্র রাষ্ট্রই এ মামলা করতে পারে। তাদের এ মামলার কারণে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল মামলা প্রত্যাহারের পর এ বিভ্রান্তি দূর হল।"
মামলা প্রত্যাহারের আবেদনে বাদিপক্ষ বলে, "দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে যুদ্ধাপরাধী এসব বিবাদীগণের বিচারকাজ ট্রাইব্যুনালে সম্পন্ন হয়ে অধিকতর যুক্তিযুক্ত বিবেচনা করে আমরা এ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।"
মামলার শুনানিতে বলা হয়, যেহেতু এটা যুদ্ধাপরাধ বিচার সংক্রান্ত মামলা তাই বিবাদীদের যুদ্ধাপরাধী ঘোষণার দরকার নেই। যুদ্ধাপরাধ সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকাজ চলা উচিত ।
শুনানিতে আরও বলা হয়, এটা ফৌজদারি মামলা হওয়া উচিত। দেওয়ানী মামলা নয়। সরকার ইতিমধ্যে এদের বিচারের জন্য আলাদা উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করেছে তাই এ মামলা প্রত্যাহার করা উচিত।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ। যুদ্ধাপরাধীদের বিচার করা হবেই।"
খুব শিগগিরই এ সংক্রান্ত তদন্ত সংস্থা ও ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া শেষ করা হবে বলে জানান কামরুল ইসলাম।
কামরুল ইসলাম আরও বলেন, যে আদালত এ মামলাটি গ্রহণ করেছে তা মূলত দেওয়ানী আদালত। এই মামলা গ্রহণের এখতিয়ার দেওয়ানী আদালতের নেই। এ ধরনের মামলা ফৌদজারি আদালতে গ্রহণ করা হয়।
দেওয়ানী আদালত কেন এ মামলা গ্রহণ করেছে তা খতিয়ে দেখা হবে। তবে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমসহ ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনের অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে ২০০৮ সালের ১৩ নভেম্বর অ্যাডভোকেট লিটন মিয়া, সাফায়েত হোসেন সজীব, রাজীব আহমেদ ঢাকার জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন।
ওই মামলায় আসামীদের ২০ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ সমন পাঠায় আদালত।
যে ৩৬ জনকে আদালতে তলব করা হয়েছে তাদের মধ্যে পূর্ব পাকিস্তান গণপরিষদের স্পিকার ফজলুল কাদের চৌধুরীসহ (সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা) মৃত বেশ কয়েকজনের নামও রয়েছে।
৩৬ জন হচ্ছেন- গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, মাওলানা একেএম ইউসুফ, দেলোয়ার হোসেন সাঈদি, আব্দুল কাদের মোল্লা, দিগন্ত টেলিভিশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মীর কাশেম আলী, মাওলানা আবুল কালাম আজাদ, খাজা খায়রুদ্দীন, মাহমুদ আলী, মো. আব্দুল আলীম, এএসএম সোলায়মান, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, জুলমত আলী খান, কাজী কাদের, শাহ্ মোহাম্মদ আজিজুর রহমান, এবিএম খালেক মজুমদার, এএনএম ইউসুফ, একিউএ শফিউল ইসলাম, আব্দুল মতিন, অ্যাডভোকেট মো. আইনউদ্দিন, গোলাম সরোয়ার, মাওলানা আব্দুস সোবাহান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুর বাছেদ, আব্দুল মতিন ভূঁইয়া, মো. আব্দুল কাশেম, ওবায়দুল্লাহ মজুমদার, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, ব্যারিস্টার কোরবান আলী, আশরাফ হোসাইন, অ্যাডভোকেট আনসার আলী, মো. কয়সার, আব্দুল মজিদ তালুকদার এবং একে মোশারেফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৪০২ঘ.
bdnews24