২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশনে যেতে চান না বিএনপি সাংসদরা

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিল এবং বিদ্যুৎসহ নাগরিক পরিসেবা সমস্যার পরিপ্রেক্ষিতে সংসদের আগামী বাজেট অধিবেশনে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সাংসদরা। সোমবার রাতে দলীয় সাংসদরা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করে তাদের এ মতের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 07:50 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিল এবং বিদ্যুৎসহ নাগরিক পরিসেবা সমস্যার পরিপ্রেক্ষিতে সংসদের আগামী বাজেট অধিবেশনে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সাংসদরা। সোমবার রাতে দলীয় সাংসদরা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করে তাদের এ মতের কথা জানান। সাক্ষাতের পর দলের সিনিয়র সাংসদ সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, "পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ নানা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়েও সরকার আইনি পথকে রুদ্ধ করছে। এ অবস্থায় আমরা সাংসদরা চেয়ারপারসনকে সংসদে না যাওয়ার কথা বলেছি।" এ ব্যাপারে চেয়ারপারসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান জমিরউদ্দিন। সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "খালেদা জিয়ার বাড়ির বিষয়ে কোনো সুরাহা না হলে আমাদের পক্ষে সংসদে যাওয়া সম্ভব হবে না।" সোমবার রাতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটি সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, সাংসদ মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দলের সাংসদ ও সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এসকে/০১১০ঘ.