ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে।
সরকারের স্বরাষ্ট্র সচিব, অভিবাসনের ডিজি, পুলিশের আইজি ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই আদেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি আজিজুল হকের বেঞ্চ টুকুর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
রিট আবেদনে বলা হয়েছে, গত ২ মে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে অভিবাসন পুলিশ টুকুকে বাধা দেয়। তাকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয়নি।
এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর টুকুর পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি।
সরকার পক্ষে এই আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার খুরশিদ আলম সরকার। সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আদালত আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৮৪২ঘ.
bdnews24