ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়তে দেওয়া সংশোধিত নোটিশ বাতিলের জন্য সরকারকে পাল্টা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া।
তার আইনজীবী এ খবর জানিয়েছেন।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুবুদ্দিন খোকন রোববার রাতে কুরিয়ার সার্ভিস এবং রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশটি পাঠান। এতে সরকারকে পাঁচদিনের মধ্যে সংশোধিত নোটিশ প্রত্যাহার করতে বলা হয়ছে।
প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি প্রশাসক এবং মিলিটারি এস্টেট অফিসারকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
গত ৭ মে সামরিক ভূমি অধিদপ্তর সেনানিবাসের মইনুল রোডের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে সংশোধিত ওই নোটিশ দেয়। এর আগে ২০ এপ্রিল প্রথম তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়।
মাহবুবুদ্দিন খোকন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সংশোধিত নোটিশের জবাব দিয়েছি। জবাবে বলেছি- নোটিশটিই অবৈধ ও উদ্দেশ্যমূলক। কারণ সংশোধিত নোটিশটি প্রমাণ করে ২০ এপ্রিলের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশটি বেআইনি।"
খালেদা জিয়ার বাড়ি ছেড়ে দেওয়ার বিষয়টি নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে একটি রিট পিটিশন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, "এ অবস্থায় সংশোধিত নোটিশের কোনো কার্যকারিতা থাকে না। সে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারকে আগামী পাঁচ দিনের মধ্যে নোটিশটি প্রত্যাহার করে নিতে বলেছি।"
তা না হলে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান খালেদার আইনজীবী মাহবুবুদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/১৯০৬ ঘ.
bdnews24