ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের বেঞ্চ গঠন করে দিয়েছেন।
রোববার বিকাল তিনটায় প্রধান বিচারপতি রিটটি বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি ফারাহ্ মাহবুবের বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন।
বিরোধীদলীয় নেত্রীর আইনজীবী টি এইচ খান ও ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে রিটটি শুনানির জন্য বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছিলেন।
এর আগে সকালে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের বেঞ্চ খালেদার রিটটি শুনানি গ্রহণ করতে বিব্রতবোধ করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়।
খালেদার কৌসুলী টি এইচ খান সাংবাদিকদের বলেন, "রিটটি যদি সোমবার শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে তাহলে আমরা সময়ের আবেদন করব। কারণ বাড়িটি নিয়ে একটি সম্পূরক নোটিশ দেওয়া হয়েছে। সম্পূরক একটি আবেদন করে এটি আদালতে দাখিল করতে হবে।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আগের নোটিশে বিস্তারিত ছিল না বলে বাড়ি নিয়ে সম্পূরক নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর জবাবের পর বিষয়টি চুড়ান্ত করা হবে। তিনি বলেন, সম্পূরক নোটিশ দেওয়ার পর আগের রিটটি অকার্যকর হয়ে গেছে।
এদিকে খালেদার অন্য কৌসুলী ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেছেন, সম্পূরক নোটিশ প্রত্যাহার করার জন্য উকিল নোটিশ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৮৫১ঘ.
bdnews24