বগুড়া, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের নির্বাচনী ব্যয় ১৪ লাখ ৮০ হাজার ৬২১ টাকা। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নির্বাচিত একই দলের সাবেক মন্ত্রী মওদুদ আহমদ খরচ করেছেন ১০ লাখ টাকা।
বৃহস্পতিবার বগুড়ার এ দুটি আসনে নির্বাচিত ও পরাজিত প্রার্থীদের মধ্যে তিনজন তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব বিবরণী জমা দিয়েছেন জেলা নির্বাচন কার্যালয়ে।
এ দুটি আসনে প্রার্থী ছিলেন চারজন। ৯ মে পর্যন্ত হিসাব বিবরণী দাখিল করা যাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ।
তিনি বলেন, উপ-নির্বাচনে দুটি আসনের প্রার্থীদের মধ্যে জমির উদ্দিন সবচেয়ে বেশি খরচ করেছেন।
জমির উদ্দিন তার হিসাব বিবরণীতে বাড়িভাড়া ও অন্যান্য খাতে দু'মাসে ব্যয় দেখিয়েছেন ৪৬ হাজার ৬২১ টাকা।
এ আসনে মহাজোটের পরাজিত প্রার্থী মমতাজ উদ্দিনের ব্যয় ৭ লাখ ৬৮ হাজার ৫শ টাকা।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নির্বাচিত মওদুদ আহমদ ব্যয় দেখিয়েছেন ১০ লাখ টাকা।
এ আসনে মহাজোটের পরাজিত প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু এখন পর্যন্ত হিসাব বিবরণী জমা দেননি বলে তিনি জানান।
নির্বাচন কর্মকর্তা হামিদ বলেন, "কোন প্রার্থীর হিসাবে অসঙ্গতি দেখা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এবার নির্বাচন কমিশন ভোটারপ্রতি ৫টা হিসেবে ব্যয় ধার্য করে। তবে সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24