২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত সমস্যা সমাধানে সচেষ্ট হোন: সরকারকে বিএনপি

সরকারের প্রতি 'অস্ত্রের ভাষায়' কথা না বলে বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারের প্রতি 'অস্ত্রের ভাষায়' কথা না বলে বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে বিদ্যুৎ-পানি-গ্যাস সঙ্কট ও কৃষি পণ্যমূল্যসহ বিরাজমান নানা সমস্যা সমাধানের দাবি এবং আইন-শৃঙ্খলার কথিত অবনতির প্রতিবাদে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরুর প্রাক্কালে এক সংক্ষিপ্ত সমাবেশে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান। দেলোয়ার বলেন, "বিদ্যুৎ-পানি-গ্যাসের মতো সমস্যাগুলো কোনো রাজনৈতিক দলের দাবি নয়। এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। এই সমস্যার সমাধান সরকারকেই করতে হবে। তা না করে অস্ত্রের ভাষায় কথা বললে চলবে না।" বিএনপির উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা সদরে এসব দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল। নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। খোন্দকার দেলোয়ার হোসেন ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ওই মিছিলে নেতৃত্ব দেন। সমাবেশে দেলোয়ার অভিযোগ করেন, "সরকার জনগণের সমস্যা সমাধান না করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা অস্ত্রের ভাষায় কথা বলছে।" ঢাকা সেনানিবাসের বাসা থেকে খালেদা জিয়াকে 'উচ্ছেদের চেষ্টা' ও পিলখানার ঘটনা তদন্তে বিলম্ব করার অভিযোগ করে তিনি আবারও সরকারের বিরুদ্ধে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার 'অপচেষ্টা' চালানোর অভিযোগ তোলেন। সরকার তাদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে মন্তব্য করে দেলোয়ার বলেন, "তা জনগণ মেনে নেবে না।" সমস্যার নিরসন না হলে বিএনপি জনগনকে নিয়ে সংগ্রাম করে যাবে বলেও জানিয়ে দেন তিনি। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ মে আইন-শৃঙ্খলা পরিস্থিতির 'অবনতির' প্রতিবাদে মহানগর, জেলা ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৯১৫ঘ.