২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত ভারতীয় সন্ত্রাসীদের ওপর নজর রাখতে পিনাক রঞ্জনের অনুরোধ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত কথিত ভারতীয় সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 07:57 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত কথিত ভারতীয় সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। রোববার সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, "ভারতের যেসব শীর্ষ স্থানীয় সন্ত্রাসী বাংলাদেশে রয়েছে তাদের নামের তালিকা বাংলাদেশের সরকারকে দেওয়া হয়েছে। ভারতের নির্বাচনকে সামনে রেখে এসব সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়ানোর জন্য বৈঠকে অনুরোধ জানানো হয়ছে।" বৈঠকের আলোচ্য বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, "দুদেশের কারাগারে বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। তাদের কোন প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠানো হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।" অনুপ চেটিয়াসহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশে আটক রয়েছে। তাদের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আজকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি।" পিনাক রঞ্জন জানান, ভারতে নতুন সরকার গঠনের পর দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে দুদেশের আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়ে আলোচনা হবে। এছাড়া এ বৈঠকে ভারতে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশে থাকা ভারতীয় অনুপ্রবেশকারীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের বেশ কিছু সন্ত্রাসী ভারতে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।" ভারত সরকার বাংলাদেশে থাকা তাদের সন্ত্রাসীদের তালিকা দিয়েছে কিনা এবং তালিকায় কাদের নাম রয়েছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৩৫৫ ঘ.