ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাবিশ্বের মতো বাংলাদেশেও শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে মহান মে দিবস। প্রায় দু'বছরের টানা জরুরি অবস্থার পর এবার গণতান্ত্রিক পরিবেশে দিবসটি পালন করে শ্রমিক সংগঠনগুলো।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমিক সংগঠনগুলো শোভাযাত্রা ও মিছিল করে। লাল পতাকা হাতে ন্যায্য মজুরির দাবিতে শ্লোগান দেন শ্রমিকরা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রম ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দৈনিক বাংলার মোড় এবং প্রেসক্লাব হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে এসে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
সংসদ সদস্য মোঃ শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আতাহারুল ইসলাাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মতিন মাস্টারসহ শ্রমিক লীগের অন্যান্য নেতা র্যালিতে অংশ নেন।
দিবসের অন্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেলে পল্টন ময়দানে শ্রমিক লীগ আয়োজিত এক শ্রমিক সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে ৯টায় রাজধানীর মুক্তাঙ্গনে মে দিবস উদযাপন কমিটি শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল বের করে শ্রমজীবী মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
প্রধান বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে সকাল ১০টার দিকে নয়া পল্টনের মহানগর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।
বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের কার্যালয়গুলোতে লাল পতাকা উত্তোলন করা হয়। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনার দিনটি স্মরণে বন্ধ রয়েছে দেশের সব শিল্প-কারখানা। ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে যুক্তরাষ্ট্র সরকার মালিক পক্ষের উস্কানিতে শ্রমিকদের ওপর গুলি চালায়। আপসহীন দশ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য।
এতে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে জনগণের প্রবল চাপের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা নির্ধারণ করতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের মহান অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়।
১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাগুসর ১ তারিখে 'মে দিবস' পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল
bdnews24