ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে পল্টন ময়দানে জাতীয় শ্রমিক লীগের শ্রমিক জনসভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিকেল ৫ টা ১০ মিনিটে সভাস্থলে এসে পৌঁছেছেন। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ জনসভায় তিনি হাসিনা ভাষণ দেবেন।
এ উপলক্ষে পল্টন ময়দানসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনসভা পরিচালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক রায় রমেশ। এতে সভাপতিত্ব করছেন সংগঠনের সভাপতি আব্দুল মতিন মাস্টার।
পল্টন ময়দানের এই সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেয় আওয়ামী লীগ। শেখ হাসিনার নিরাপত্তা রক্ষায় সমাবেশস্থলকে আটটি ভাগে ভাগ করে মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এইচএ/১৭৩৫ ঘ.
bdnews24