ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টিসহ নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আরও নয়টি দল দ্বিতীয় দফায় তাদের নির্বাচনী ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। এর মধ্যদিয়ে নির্বাচনে অংশ নেওয়া ৩৮টি রাজনৈতিক দলই ব্যয়ের হিসাব জমা দিল।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
জরিমানা ছাড়া ব্যয় রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার।
ইসির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুরে বিএনপি নির্বাচনী ব্যয়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেয়। তবে ব্যয়ের বিস্তারিত বিবরণ সাংবাদিকদের জানানো হয়নি।
পরে বিএনপির দপ্তর সম্পাদক রিজভি আহমেদ বলেন, "বিএনপির নির্বাচনী ব্যয়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।"
এদিন জাতীয় পার্টিও পূর্ণাঙ্গ হিসাব জমা দেয়।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৪ সিসিসি ধারা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে কমিশনে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হয়।
২৯ ডিসেম্বর নির্বাচনের পর গত ৩০ মার্চ ছিল দলগুলোর নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষ দিন। এ সময়ের মধ্যে আওয়ামী লীগসহ ২৯টি রাজনৈতিক দল নির্বাচনী ব্যয়ের বিবরণ জমা দেয়। বিএনপিও হিসাব জমা দেয়। তবে আরপিও মেনে বিস্তারিত হিসাব বিবরণ জমা না দেওয়ায় নির্বাচন কমিশন গত ৮ এপ্রিল তাদেরকে আইন মেনে পূর্নাঙ্গ হিসাব জমা দিতে লিখিত পত্র দেয়।
আরপিও অনুযায়ী সর্বোচ্চ ৫০ জন প্রার্থীর জন্য দলীয় ব্যয় ৭৫ লাখ টাকা, ১০০ প্রার্থীর জন্য দেড় কোটি, সর্বোচ্চ ২০০ প্রার্থীর জন্য তিন কোটি এবং ৩০০ প্রার্থীর জন্য দলগুলোর সাড়ে চার কোটি টাকা ব্যয় করার বিধান রয়েছে।
২৯ ডিসেম্বর নির্বাচনে ৩৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/২২০৪ ঘ.
bdnews24